নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের স্বার্থে দলীয় বিভেদ ভুলে জেলার পাঁচ সংসদ সদস্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারায়ণগঞ্জকে আবারও দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নগরীর অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরের চাঁদমারী এলাকায় চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।
সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, নারায়ণগঞ্জের স্বার্থে পাঁচ সংসদ সদস্যকে এক থাকতে হবে। দলীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও জেলার উন্নয়নের প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
নারায়ণগঞ্জের বর্তমান অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কেন নারায়ণগঞ্জ দেশের এক নম্বর বা দুই নম্বর সিটি করপোরেশনের অবস্থানে যেতে পারছে না, সেটি নিজেদের ব্যর্থতা হিসেবে দেখতে হবে।
অতীতের নেতৃত্বের সমালোচনা করে মান্নান বলেন, আগে যারা নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ফলে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি বলেও মন্তব্য করেন তিনি।
৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজে নিজেদের লোকজনকে দিয়েই কিছু জায়গায় ক্ষয়ক্ষতি করানোর ঘটনা দেখা গেছে।
ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, নারায়ণগঞ্জে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তারা কাজ করছেন। সোনারগাঁ কিংবা সিদ্ধিরগঞ্জের কোনো ব্যবসায়ী যেন অন্যায়ের শিকার হওয়ার অভিযোগ তুলতে না পারেন, সেটিই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
নারায়ণগঞ্জকে আধুনিক ও পূর্ণাঙ্গ মেট্রোপলিটন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, পরিকল্পিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ মেট্রোপলিটন সিটিতে রূপ দেওয়া সম্ভব।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হলে জনপ্রতিনিধিদের অবহিত করতে হবে। ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

