নারায়ণগঞ্জ নগরীর অন্যতম ব্যস্ত এলাকা চাষাড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় চাষাড়া ট্রাফিক চত্বরে এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তাঁর সঙ্গে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরেজমিন পরিদর্শনকালে চাষাড়া এলাকায় যানজটের প্রধান কারণগুলো চিহ্নিত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, নগরীর যানজট নিরসনে শুধু ট্রাফিক বিভাগের একার পক্ষে কার্যকর সমাধান সম্ভব নয়। এ জন্য ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চাষাড়া নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে এবং ট্রাফিক আইন ও সড়ক ব্যবস্থাপনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে চাষাড়ার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পরিদর্শনকালে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অবৈধ পার্কিং ও সড়ক দখল নিয়ন্ত্রণ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং ব্যস্ত সময়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে ট্রাফিক বিভাগ ও বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। পাশাপাশি চাষাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানজট নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

