নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ফাতেমা বেগম ওরফে ফতের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় ফতের ছেলে অনিকসহ কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আমলাপাড়া এলাকায় ফাতেমা বেগম ওরফে ফতের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের ‘ক’ জোনের একটি দল।
ডিবি পুলিশ জানায়, ফতের বাড়িতে তার ছেলে অনিক ও সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে মাদক কেনাবেচা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই নিয়ে পরামর্শ করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিক ও তার সহযোগীরা বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে দেয়াল টপকে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে রাখা গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
অভিযানে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার পলাতক আসামিরা হলেন—আমলাপাড়া এলাকার ইসলাম ও ফাতেমা বেগম ওরফে ফতের ছেলে অনিক (২৫), কালুর ছেলে সুজন (৩৫) এবং ইসলাম-এর স্ত্রী ফাতেমা বেগম ওরফে ফতে (৬০)। মামলায় আরও অজ্ঞাতনামা এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ফাতেমা বেগম ওরফে ফতের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে। তার ছেলে অনিকের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
অভিযানের পর পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ।

