একসময় নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থানের অন্যতম কেন্দ্র ছিল ওসমান পরিবার। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের রাজনৈতিক প্রভাব, অনুসারীদের বিশাল কর্মীবাহিনী এবং রাজপথের কর্মসূচি ঘিরে জেলার রাজনীতিতে ছিল আলাদা হিসাব-নিকাশ। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় সেই চিত্র। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ওসমান পরিবারের রাজনৈতিক বলয়েও দেখা দেয় বড় ধরনের ভাঙন।
সরকার পতনের পর ওসমান পরিবারের একাধিক সদস্য দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেন। তাঁদের মধ্যে শামীম ওসমানও রয়েছেন। তবে বিদেশে অবস্থান করেও বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য, দলীয় কর্মসূচি ও নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে আলোচনায় থেকেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচির ঘোষণা এলেও নারায়ণগঞ্জের রাজপথে তার উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে না।
অন্যদিকে, একসময়ের প্রভাবশালী এই রাজনৈতিক বলয়ের অনুপস্থিতিতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিচ্ছিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তবে সেই তৎপরতা মূলত ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের মধ্যেই সীমাবদ্ধ। শহর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে এসব মিছিল দেখা গেলেও সেগুলো দীর্ঘস্থায়ী কোনো রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারছে না।
বিশেষ করে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের অনুসারীদের নাম এসব কর্মসূচির সঙ্গে আলোচনায় আসছে। কখনো যুবলীগের ব্যানারে, কখনো সাবেক নেতাদের নাম ব্যবহার করে হঠাৎ মিছিল বের করা হচ্ছে। মিছিলগুলোতে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করছেন তাঁরা। পরবর্তী সময়ে এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আল সানির নামেও বিভিন্ন কর্মসূচি ঘিরে তৎপরতার আলোচনা রয়েছে। তাঁর অনুসারীদের ব্যানারে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। ফলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে আজমেরী ওসমানপন্থী এবং সাফায়েত আল সানিপন্থীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এসব কর্মসূচির প্রকৃত নিয়ন্ত্রণ ও অর্থায়ন নিয়ে প্রকাশ্যে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান একসময় ছিলেন অন্যতম আলোচিত ও প্রভাবশালী নেতা। তাঁর একটি বক্তব্য কিংবা কর্মসূচিকে কেন্দ্র করে শহর থেকে শুরু করে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যেত। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চিত্র আর নেই।
বিদেশে অবস্থান করে শামীম ওসমান বিভিন্ন সময়ে আওয়ামী লীগ-সমর্থকদের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি দলীয় অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ও বক্তব্য নিয়েও আলোচনা তৈরি হয়। তবে বিদেশ থেকে দেওয়া বক্তব্য কিংবা কর্মসূচির আহ্বান নারায়ণগঞ্জের মাঠপর্যায়ের রাজনীতিতে আগের মতো প্রভাব ফেলতে পারছে না।
স্থানীয় রাজনৈতিক মহলে এসব ঝটিকা মিছিল নিয়ে নানা আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, মিছিলগুলো অনেকটা পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে আয়োজন করা হয়। অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে কয়েক মিনিট স্লোগান দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করেন অংশগ্রহণকারীরা। এরপর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হয়।
তবে এসব কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কিংবা বড় ধরনের জনসমাগম দেখা যাচ্ছে না। এমনকি দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা অনেক নেতাকর্মীও প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী হচ্ছেন না বলে স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বর্তমান দুর্বলতার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, একসময়ের প্রভাবশালী নেতৃত্বের বড় একটি অংশ অনুপস্থিত। দ্বিতীয়ত, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। তৃতীয়ত, দলীয় নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন বলয়ের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
এর পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টিও দলটির প্রকাশ্য সাংগঠনিক তৎপরতার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে। ফলে বিচ্ছিন্ন কিছু মিছিলের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়া সম্ভব হলেও তা দিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা কঠিন।
সব মিলিয়ে একসময় যে নারায়ণগঞ্জে ওসমান পরিবারের রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি আবর্তিত হতো, সেই নারায়ণগঞ্জেই এখন দলটির সাংগঠনিক অবস্থান অনেকটাই দুর্বল। বিদেশে বসে শীর্ষ নেতাদের বক্তব্য, আর দেশের ভেতরে মুখোশ ও ক্যাপ পরে কয়েক মিনিটের ঝটিকা মিছিল এসবের মধ্য দিয়ে রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসব কর্মসূচি এখন পর্যন্ত কোনো বড় আন্দোলনে রূপ নিতে পারেনি।
প্রশ্ন উঠেছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি কি আবারও সংগঠিত হতে পারবে, নাকি ঝটিকা মিছিল আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারেই সীমাবদ্ধ থাকবে দলটির তৎপরতা?

