বিদ্যুতের প্রি-পেইড কার্ডভিত্তিক মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “প্রি-পেইড কার্ড মিটার চাই না” স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর কিল্লারপুল কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণি-পেশার বিদ্যুৎ গ্রাহকরা।
গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি-নারায়ণগঞ্জ এবং নাগরিক অধিকার ফোরাম-নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে বক্তারা প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের সমালোচনা করে তা অবিলম্বে স্থগিত করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময়, গণশুনানি কিংবা আগাম অবহিতকরণ ছাড়াই প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে সাধারণ মানুষকে নতুন এক ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি, আধুনিক প্রযুক্তির নামে চালু করা এই ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহারে অনিশ্চয়তা, কারিগরি জটিলতা এবং অতিরিক্ত আর্থিক ব্যয়ের আশঙ্কা রয়েছে, যা সাধারণ গ্রাহকদের জন্য উদ্বেগের বিষয়।
তারা আরও বলেন, বিদ্যুৎ সেবাকে সহজ ও গ্রাহকবান্ধব করার পরিবর্তে প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তাই এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের আগে গ্রাহকদের মতামত গ্রহণ এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে নারায়ণগঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

