নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ কন্যা মালিহা ইসলাম মাইশা এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন মাইশা।
পরিবারের সদস্যরা জানান, পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মাইশা। বড়ভাই জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সঙ্গে তিনিও আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এমনকি এক দফা দাবির মিছিলেও তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়।
মেয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণ প্রজন্মের সাহসী ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। আন্দোলনের কঠিন সময়ে তরুণরা যেভাবে সাহসের সঙ্গে রাজপথে ছিল, তা অবিস্মরণীয়।
তিনি বলেন, “মালিহা ইসলাম মাইশা শুধু আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিল না, আজ সে তার মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করে প্রমাণ করেছে আমাদের নতুন প্রজন্ম দেশের ক্রান্তিলগ্নে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি মেধার প্রতিযোগিতাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।”
মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, তার এই অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
মাইশার বড়ভাই খাইরুল ইসলাম সজিব বলেন, “মাইশা শুধু আমার ছোট বোন নয়, সে আমাদের জুলাই বিপ্লবের একজন লড়াকু সৈনিক। ছাত্র আন্দোলনের প্রতিটি কঠিন মুহূর্তে সে সাহস ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। রাজপথের আন্দোলনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়ে আজ সে জিপিএ-৫ অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।”
পরিবারের সদস্যরা জানান, আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগ ধরে রেখেছিলেন মাইশা। তার এই ফলাফলে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

