নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন সকালে সেই বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সকালে রাসেল গ্রুপের লোকজন হামিদ গ্রুপের সদস্যদের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হামিদ গ্রুপের সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ছড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

