চাঁদাবাজিসংক্রান্ত অভিযোগের তদন্তে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশের একটি গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রায় এক ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।
এদিকে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সজীবকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

