ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান চালিয়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।
গত ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাঢ়া মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সংগ্রামপুর দক্ষিণপাড়া এলাকার আক্তারুজ্জামান (৪৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী এলাকার মোঃ আমিরুল ইসলাম রাসেল (৩২)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি অ্যাশ (ছাই) রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র্যাবের ব্যবহৃত চারটি কালো কটি উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস ব্যবহার করে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছিল।
তারা আরও জানায়, অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে র্যাবের পোশাক, হ্যান্ডকাফ, কটি ও ওয়্যারলেস ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

