ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা কোনোভাবেই পূরণ হতে দেওয়া হবে না। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।
হাদি হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। যারা জামিনের ব্যবস্থা করেছে, যারা টকশোতে হাদিকে গিনিপিগ বলেছে—তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল এ বিষয়ে সোচ্চার হোক। দলগুলো যদি সোচ্চার না হয়, তাহলে নির্বাচনে জনগণই আপনাদের সোচ্চার করে দেবে। বাংলাদেশপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠুক। হাদির আদর্শ কোনো একটি দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না।’
ইনকিলাব মঞ্চের অবস্থান ব্যাখ্যা করে সদস্য সচিব বলেন, ‘ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি প্রেসার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন। আমরা ক্ষমতার কাছে নিজেদের বর্গা দিতে চাই না। যতদিন আমরা যোগ্যতাসম্পন্ন না হব, ততদিন ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেউ নির্বাচনে দাঁড়াবে না।’
শাহবাগ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

