নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
রোববার (২৩ আগস্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বুলবুল হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত ছাড়াই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানান তারা।
মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক সংগঠককে হত্যার ঘটনা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তে যাতে কোনো ধরনের গাফিলতি বা প্রভাব বিস্তার না ঘটে, সেটিও নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে অপরাধীদের মধ্যে আইনের ভয় তৈরি হবে এবং সাধারণ মানুষের মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কমবে।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বন্দর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও থানার ওসির সঙ্গে আলোচনা করেন। তারা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।

