নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কোনো আর্থিক সহায়তায় পূরণ করা সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার এ ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান জানান, স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশ অনুযায়ী ২৮টি পরিবারকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি পরিবারকে ৫ লাখ টাকা করে, ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৩টি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান, মোটরযান পরিদর্শক উসমান গনি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

