নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপিনেতা জাকির খান।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। শ্রমিকদের দাবি নিয়ে সরকার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছে। আলোচনার মাধ্যমে অবশ্যই একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাকির খান আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন। তাদের দাবির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ দেওয়া যাবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি নাশকতা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা কোনো ধরনের অপচেষ্টা চালায়, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে।

