নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার পরিচিত ‘রুপার বাড়ি’ দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে নানা আলোচনায় থাকলেও এবার সেই এলাকাতেই দেখা গেল ভিন্ন চিত্র। মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরি ও তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আয়োজিত নাইট ফুটবল কাপকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
শুক্রবার (২১ আগস্ট) গলাচিপায় নাগরিক শক্তি নারায়ণগঞ্জের উদ্যোগে এ নাইট ফুটবল কাপের আয়োজন করা হয়। তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু-কিশোরদের পাশাপাশি নারী, যুবক ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতেও মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা।
ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত রাকিব স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আফিফ স্পোর্টিং ক্লাব।
খেলাকে কেন্দ্র করে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
আয়োজকরা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে হবে। সামাজিক ও ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।
তাদের প্রত্যাশা, গলাচিপার মতো এলাকায় নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং ধীরে ধীরে গড়ে উঠবে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ।

