নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথনে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটার দৌড় শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নেন।
দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করে উপজেলার বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে ইভেন্টের মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই ঘটনায় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও আশরাফ উদ্দিন শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

