নাগরিকদের অভিযোগ দ্রুত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সেবার মান ও গতি বাড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলা প্রশাসক জানান, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মানুষের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনার জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে। এ সময় যে কোনো নাগরিক জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজের সমস্যা তুলে ধরতে পারবেন।
তিনি বলেন, এদিন বিভিন্ন বিষয়ে ১০ থেকে ১২ জন সেবাপ্রত্যাশীর বক্তব্য শোনা হয়েছে। এছাড়া সপ্তাহজুড়েই অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকে। তবে নির্ধারিত এই দুই ঘণ্টা শুধুমাত্র জনগণের কথা শোনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। জেলা প্রশাসনের দরজা সব সময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বলেও তিনি উল্লেখ করেন।
মো. রায়হান কবির আরও বলেন, পর্যায়ক্রমে জেলার সব উপজেলা পর্যায়েও প্রতি বুধবার একই সময়ে গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে এক জায়গা থেকেই নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান।

