নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতা চাঁন মিয়াকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে বন্দর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত চাঁন মিয়া ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁন মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, চাঁন মিয়া দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও স্থানীয়ভাবে ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

