উরুগুয়ে ম্যাচের আগে আরও একটি অনুশীলন সেশন পার করেছে আর্জেন্টিনা। শনিবার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় হবে ম্যাচটি। এরপর মঙ্গলবার কর্দোবায় আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে কোস্টারিকার। সেই ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতি। দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
অনুশীলনে সম্ভাব্য একাদশ নিয়ে আভাস দিলেও চূড়ান্ত কিছুই জাননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন গোলরক্ষক পজিশন নিয়ে। এখনও সেরে ওঠেননি এমিলিয়ানো মার্তিনেজ। চেলসির বিপক্ষে ম্যাচে আঘাত পেয়ে চোয়ালের অস্ত্রোপচার করানো এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। মুখে সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলন করছেন তিনি।
উরুগুয়ের বিপক্ষে খেলতে চান দিবু। তবে স্কালোনি তাকে শুরু থেকেই খেলাবে কি না, নাকি কোস্টারিকার বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষায় রাখবেন, তা এখনো নিশ্চিত নয়। তিনি খেলতে না পারলে গোলবার সামলাবেন হেরোনিমো রুলি।
আর্জেন্টিনা দলের চিকিৎসক ড্যানিয়েল মার্তিনেজ টিওয়াইসি স্পোর্টসকে জানিয়েছেন, দিবুর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। তবে উরুগুয়ের বিপক্ষে তাকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন স্কালোনি।
চিকিৎসক বলেন, ‘সে খুব ভালোভাবে সেরে উঠছে। ক্লাবের নিয়োগ করা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছে এবং সবকিছুই ভালোভাবে এগিয়েছে। সৌভাগ্যক্রমে, তার মানসিক দৃঢ়তার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও ভালো ছিল। প্রয়োজনীয় সব ধাপ অনুসরণ করেছে সে।’
বুধবারের অনুশীলনে স্কালোনি ১৩ জন খেলোয়াড়কে আলাদা জার্সি দেন। সেখান থেকে ১০ জনের শুরু থেকে খেলার সম্ভাবনা দেখা গেছে। তবে দলের প্রতিটি বিভাগেই রয়েছে কিছুটা অনিশ্চয়তা।
রক্ষণভাগে আগুস্টিন গিয়াই, লিওনার্দো বালের্দি ও লিসান্দ্রো মার্তিনেযের খেলা প্রায় নিশ্চিত। লেফটব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকো এগিয়ে আছেন ফাকুন্দো মেদিনার চেয়ে।
মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা নিশ্চিত। তাদের সঙ্গে খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। তবে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন ভ্যালেন্টিন বারকোও।
আক্রমণভাগে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের খেলা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে জিয়ানলুকা প্রেস্তিয়ানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে থিয়াগো আলমাদার। আপাতত একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে প্রেস্তিয়ানি।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ অথবা হেরোনিমো রুলি; আগুষ্টিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিওস অথবা ভ্যালেন্টিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি অথবা থিয়াগো আলমাদা।

