ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দলীয় বিভাজনের সংস্কৃতি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বাধীন অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, একসময় সুপ্রিম কোর্ট বার ছিল স্বাধীন বিচার বিভাগের প্রতীক, কিন্তু বর্তমানে রাজনৈতিক বিভক্তির কারণে সেই অবস্থান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিশির মনির বলেন, অতীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দলভিত্তিক প্যানেলের প্রচলন ছিল না। তখন যোগ্য ও অভিজ্ঞ আইনজীবীরাই সভাপতি ও সেক্রেটারি পদে প্রার্থী হতেন। কখনো নির্বাচন হতো, আবার কখনো সমঝোতার ভিত্তিতেই নেতৃত্ব নির্ধারিত হতো। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিচয়ই প্রধান হয়ে উঠেছে।
তিনি বলেন, “মুর্দাবাদ-জিন্দাবাদ কিংবা অমুক দল আমি, অমুক দল তুমি—এ ধরনের বিভাজন চলতে থাকলে আইনজীবীরা সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হতে বাধ্য হবেন।”
সাবেক সময়ের সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় খন্দকার মাহবুব হোসেন, রফিক-উল হক ও আমির-উল ইসলাম-এর মতো ব্যক্তিত্বদের বক্তব্যে সারাদেশে আলোড়ন সৃষ্টি হতো। কারণ, তখন সুপ্রিম কোর্ট বারকে বিচার বিভাগের স্বাধীন কণ্ঠস্বর হিসেবে দেখা হতো।
তিনি আরও বলেন, কোনো সরকার অসাংবিধানিক পদক্ষেপ নিলে সুপ্রিম কোর্ট বারের দৃঢ় অবস্থান নেওয়ার কথা। কিন্তু আইনজীবীরাই নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছেন।
মো. মাইনউদ্দিন মিয়া-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মমিনুল হক সরকার, মাওলানা আবদুল জব্বার, মনোয়ার হোসাইন এবং আজিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

