নারায়ণগঞ্জে ব্যবসা ও শিল্প খাতের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেছেন, রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে গিয়ে কোনোভাবেই যেন ব্যবসায়ী সমাজ ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরীর হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
মামুন মাহমুদ বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে রাষ্ট্রের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বেসরকারি খাত ও উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পসহ রপ্তানিমুখী খাতগুলোর বিকাশে তাঁর নীতিগত উদ্যোগ দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়েও শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তাদের আরও শিল্পকারখানা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
তিনি দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও গঠনমূলক আলোচনা বাড়ানোর মাধ্যমে রাজপথ এবং সংসদকে কার্যকর গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য ও উপস্থিতি ছিল জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

