ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় রোববার সকাল থেকে শহরের চাষাড়া, নিতাইগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন জনবহুল স্থানে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রচার কার্যক্রমে জেলা তথ্য অফিসার রীনা পারভীনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় পথচারী, ব্যবসায়ী, দোকানদার এবং যানবাহনের চালকদের উদ্দেশ্যে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের উপায় এবং বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণই সবচেয়ে কার্যকর। বাসাবাড়ি, অফিস কিংবা প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, শুধু জেলা শহরেই নয়, আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন এলাকাতেও এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে। এছাড়া স্কুল-কলেজ, মসজিদ, বাজার কমিটি এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধবিষয়ক জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা সবচেয়ে বেশি বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার করে জমে থাকা পানি অপসারণ করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এই সচেতনতামূলক প্রচার কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে।

