ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে রোববার (৭ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পানি সংকট, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এবং দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে ভোগান্তি।
ডিপিডিসি সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫৫ মিনিটে হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি বিদ্যুৎ পরিবহন তার ছিঁড়ে পাশের আরেকটি সার্কিটের তারের ওপর পড়ে যায়। এতে পুরো সিস্টেমে বিঘ্ন সৃষ্টি হয়ে নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। পাশাপাশি পানির মোটর চালানো না যাওয়ায় অনেক এলাকায় পানি সংকটও দেখা দেয়।
শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় বাসার পানির ট্যাংকে পানি তোলা সম্ভব হয়নি। আইপিএসের ব্যাকআপও শেষ হয়ে গেছে। প্রচণ্ড গরমে শিশুদের কষ্ট বেড়েছে এবং রান্নাসহ নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে আল্লামা ইকবাল রোডের বাসিন্দা আনিছুর রহমান বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বয়স্ক মানুষ ও শিশুদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গরমে ঘরের ভেতর অবস্থান করাই কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রে সৃষ্ট ত্রুটির কারণেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করেন। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ চললেও দীর্ঘ সময়ের এই বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা দ্রুত ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

