নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নদীবন্দর দিয়ে পরিবহন ও বিতরণ করা সারের সংরক্ষণ, সরবরাহ এবং ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সার পরিবহন, সংরক্ষণ ও বিতরণের সঙ্গে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় নদীবন্দরগুলোতে সার পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা, নির্ধারিত নিয়ম অনুযায়ী সার সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সার পরিবহন ও বিতরণের পুরো প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা সরবরাহে বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা এবং কৃষকদের কাছে নির্ধারিত সার সুষ্ঠুভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

