নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি জুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুরে অবস্থিত ‘মা মারজান এন্টারপ্রাইজ’ নামের জুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রায় ১৫০ ফুট দীর্ঘ জুটের গুদামটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি আগুনে একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানেরও আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বিদ্যুতের শর্টসার্কিটকে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে যান। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামজুড়ে। আগুন আশপাশের স্থাপনাগুলোর দিকে ছড়িয়ে পড়তে শুরু করলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দারা তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল দ্রুত সরিয়ে নেন।
ফায়ার সার্ভিসের সদস্যদের টানা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
]

