ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ডিশ লাইন ও ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে নিজ অফিসে অবস্থান করছিলেন নাছির। এ সময় হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে অফিসের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফতুল্লা মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

