ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৮ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বিচারহীনতা, বৈষম্য ও আইনের শাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর বৈষম্য কমার পরিবর্তে আরও বেড়েছে। মানুষের মধ্যে বিভাজন ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে যে বিচার ব্যবস্থা দুর্বৃত্তপোষক ছিল, তারও কোনো পরিবর্তন হয়নি।”
তিনি অভিযোগ করে বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন না হওয়ায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ত্বকী হত্যাসহ ওসমান পরিবার সংশ্লিষ্ট সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
রফিউর রাব্বি বলেন, “আমরা ত্বকী হত্যার বিচার চাই। তনু হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ সকল আলোচিত হত্যার বিচার চাই। কিন্তু আমরা দেখছি ত্বকী হত্যার অভিযুক্তরা বিদেশে বসে আয়েশী জীবনযাপন করছে। দেশে শেখ হাসিনা না থাকলেও এখনও আমরা সুষ্ঠু বিচার পাওয়ার নিশ্চয়তা পাচ্ছি না।”
তিনি দ্রুত অভিযোগপত্র দাখিলের মাধ্যমে ত্বকী হত্যা মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “একজন মানুষ খুন হলে খুনির বিচার হওয়াই স্বাভাবিক। কিন্তু ত্বকী হত্যার বিচার আজও হয়নি। বিচার কবে হবে, তাও অনিশ্চিত। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ধীমান সাহা জুয়েল, বাসদ নেতা এসএম কাদির, সিপিবি নেতা আব্দুল হাই শরিফ এবং আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ।

