ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১১ মে) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
জানা গেছে, গত ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির বাসভবন থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
পরবর্তীতে ওই দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তার পক্ষে জামিন মঞ্জুর করেন। তবে সেই জামিন আদেশ স্থগিত চেয়ে এখন আপিল বিভাগের দ্বারস্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।
এদিকে গত ১০ মে হত্যা ও অন্যান্য অভিযোগে দায়ের করা মোট ১০টি মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নারায়ণগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

