নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার মামলায় স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন (৩২) আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন মোবারক। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সালেহা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় মোবারক ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সময় তাঁদের সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সালেহাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত সালেহা বেগম সৌদি আরবে থাকতেন। ঘটনার প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন বলে মামলার সূত্রে জানা গেছে।
এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল পুলিশ মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। হত্যাকাণ্ডের প্রায় সাত বছর পর মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।

