বিদেশে বসে শামীম ওসমানের দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে ঘিরে অনুষ্ঠানে হাতাহাতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ যেমন তার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না, তেমনি বিদেশের মাটিতেও তাকে নিয়ে নানা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে বসে নানা ধরনের আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন। নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদার ও খুনি শামীম ওসমান এবং তার অনুসারীরা দেশে না থেকে বিদেশে বসে বড় বড় কথা বলছেন ।
টিপু বলেন, “লেজ গুটিয়ে পালানো এসব নেতার লজ্জা-শরম নেই। তোরা মোচে তেল দিতে থাক, আমাদের জীবদ্দশায় তোদের নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমতায় আসা ও তোদের আবার দেখার সুযোগ হবে কি না সেটাই সন্দেহ।”
তিনি আরও বলেন, “শামীম ওসমান রাজনৈতিক কর্মকাণ্ডকে সবসময় ভয় পেতেন। ক্ষমতা হারালেই শেয়ালের মতো লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, আর দল ক্ষমতায় থাকলে বাহাদুরি দেখান। এমন পালিয়ে যাওয়া খেলোয়াড়কে নিয়ে কথা বলাও আমাদের শোভা পায় না।”
বিদেশে বসে ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফেরার নানা বক্তব্যের সমালোচনা করে টিপু বলেন, শামীম ওসমান কবে দেশে ফিরবেন এ নিয়ে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে এখন আর কোনো আগ্রহ নেই। নাতিকে নিয়ে যাওয়ার কথা বলে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার দিনও শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
টিপু বলেন, “তিনি একজন খুনি ও রাজনৈতিক নাটকবাজ। দেশে ফেরার বড় বড় কথা বলে বিদেশে বসে ভিডিও বার্তা দিলেই নারায়ণগঞ্জের মানুষ এখন আর কর্ণপাত করে না।”
‘ক্ষমতা হারালেই শেয়ালের মতো পালিয়ে যান শামীম ওসমান’: টিপু
Leave a Comment

