ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
শুনানি শেষে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। তবে পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। এসব গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।
সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

