ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের একটি শটগান লুট করে নিয়ে গেলেও চার ঘণ্টা পর অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) রাত আড়াইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বন্দর থানার এএসআই সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হন। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের জখম করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তিনজন যুবক ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ দিলে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ১০ থেকে ১৫ জনের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়।
পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে লুট হওয়া শটগান উদ্ধারে অভিযান চালিয়ে শনিবার সকাল সোয়া ৬টার দিকে একই এলাকার একটি গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। তবে শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

