বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাসির পাটোয়ারীকে ইঙ্গিত করে তীব্র কটাক্ষ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিটু বলেন, “ডার্বি নাসির কি আপনারা চেনেন? ডার্বি মানে কি আপনারা জানেন? ডার্বি হলো ডার্বি নাসির। কেন তাকে ডার্বি নাসির বলা হয়? তিনি সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে ঘুরে ছেলেপুলেদের কাছ থেকে ৫-১০ টাকা করে নিয়ে ডার্বি সিগারেট খেতেন। সেজন্যই তাকে ডার্বি নাসির বলে ডাকা হতো।”
এরপর তিনি আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে বলেন, “বিগত দিনে আপনারা যে ভাবে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, আবারও সবাইকে প্রস্তুতি নিতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে এ দেশের সাধারণ মানুষের পাশে আমরা থাকতে চাই।”
সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করেন, সরকারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চলছে। তারা বলেন, বিএনপি এসব পরিস্থিতি মোকাবেলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।
বক্তারা আরও বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি সফল করতে হবে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের স্বার্থ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।

