ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাজী জালালউদ্দিন আহমেদের ৩৯ তম মৃত্যু বার্ষিকী আজ । ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম দিকপাল হাজী জালাল উদ্দিন আহমেদ জালাল হাজী নামেই সুপরিচিত। প্রথম জীবনে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত থাকলেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি।
তিনি ছিলেন বিএনপির নারায়ণগঞ্জ শহর কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৭৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ দিন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, শহরের গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদমরসুলের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তাই আজও নারায়ণগঞ্জবাসী তাঁকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে।
হাজী জালালউদ্দিনের ছেলে অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

