নারায়ণগঞ্জে নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অভিযোগ-প্রত্যাশা সরাসরি জানার উদ্যোগ হিসেবে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা তাঁদের নানামুখী সমস্যার কথা তুলে ধরেন এবং তা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গণশুনানিতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন জনসেবামূলক খাতের সমস্যা নিয়ে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশাও তুলে ধরেন তারা।
গণশুনানিতে উপস্থিত জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের বক্তব্য ও অভিযোগ সরাসরি শোনা এবং সেগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি জানান, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের জন্য জেলা প্রশাসন কাজ করে যাবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে এবং সেবার মান উন্নত করতে প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিয়মিত গণশুনানির আয়োজন করা হবে।

