নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চারজনের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মো. রুবেল (৩০), তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)। রুবেল ও হীরামনির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকায়। নুরুল ইসলাম ও ফাহিমা জান্নাতের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা এবং আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে র্যাবের দাবি।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

