নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বুধবার (১০ জুন) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে পুলিশ সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
‘মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি নিশ্চিত করে জীবন ও সম্পদের ক্ষতি হ্রাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশগত ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, মোট ৬০ জন প্রশিক্ষণার্থীকে শব্দদূষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়েছে। অতিরিক্ত শব্দ শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
তিনি আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক ওসমান গনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

