নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড শাখার স্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গভীর রাতে জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান জানান, ঘটনার সময় তাঁরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারার দায়িত্বে ছিলেন। তাঁদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের ভেতরে আগুন ধরে যায় এবং কয়েকটি চেয়ার পুড়ে যায়।
কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক বলেন, মধ্যরাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। সকালে কার্যালয়ে এসে তাঁরা আগুনে পোড়া অবস্থায় দুটি চেয়ার ও জানালার পর্দা দেখতে পান। চেয়ারের ওপর প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুনে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

