আগামীকাল ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও বিএনপি। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শিল্পনগরী নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মসূচি ঘিরে অতীতের উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার বিষয়টি সামনে এসেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সাতটি থানায় মোট সাড়ে সাতশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অন্য জেলা থেকে আনা হচ্ছে অতিরিক্ত তিনশ পুলিশ সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি মহাসড়ক ও প্রবেশপথে নজরদারি জোরদার করা হবে।
এদিকে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন ঘিরে আটটি টহল দল মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন। শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নেবেন বলে জানান তিনি।
এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ দলের নেতারা ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
মহানগর বিএনপি নেতা জাকির খান নারায়ণগঞ্জের সকল সাধারন মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি দলের সকল নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার ঘোষনা দিয়েছেন। অবৈধ সংগঠনের কোর লক ডাউন এ দেশের জনগণ মেনে নিবে না।
এদিকে শিমরাইল মোড় ও তারাবো চেকপোস্ট এলাকায়ও বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল ও সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি থাকবে।
সব মিলিয়ে আগামীকাল নারায়ণগঞ্জে একদিকে প্রশাসনের বাড়তি নিরাপত্তা প্রস্তুতি, অন্যদিকে বিএনপির রাজপথে থাকার ঘোষণা দুইয়ে মিলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। তবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা, কোনো ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়াই যেন স্বাভাবিক থাকে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন। রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

