নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাইয়ে এবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা জমিয়ত। অন্যদিকে, ভিডিওটিকে পরিকল্পিত অপপ্রচার দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ফেরদাউসুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্বাহী বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি প্রেস নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা মাসরুর আহমাদ ভূঁইয়া।
জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সদস্য সচিব মাওলানা মাসরুর আহমাদ ভূঁইয়াকে। কমিটির অন্য দুই সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইন ও সদস্য মাওলানা তাজুল ইসলাম আক্কাস।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে ভিডিওটির প্রেক্ষাপট, সংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের কথা বলা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসম্পূর্ণ তথ্য কিংবা পূর্বানুমানের ভিত্তিতে এ বিষয়ে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে যাচাইবিহীন তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাওলানা ফেরদাউসুর রহমান। সেখানে তাঁর বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওকে মিথ্যা ও বানোয়াট দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
লিখিত বক্তব্যে ফেরদাউসুর রহমান বলেন, ‘আমার রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে।’
তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে ফেরদাউসুর রহমান বলেন, ‘আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। লিখিত যতটুকু, এতটুকুই।’
নারায়ণগঞ্জের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মাওলানা ফেরদাউসুর রহমানের অবস্থান থাকায় তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, বক্তব্য এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তিনি আলোচনায় এসেছেন। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তা নিয়ে তাঁর প্রতিবাদ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় ও স্থান এবং এর পেছনের প্রকৃত ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার গোপনে ধারণ করা ফেরদাউসুর রহমানের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁর সঙ্গে এক নারীকে দেখা গেলেও ওই নারীর পরিচয়, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনেও এসব বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এখন তদন্ত কমিটির প্রতিবেদনেই ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট এবং এ ঘটনায় সাংগঠনিকভাবে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

