নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ কর্মীকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের শিরাবো এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে গেলে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

