জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে একটি গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীর সঙ্গে তাঁকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ওই নারীর সঙ্গে অবস্থান করছেন মাওলানা ফেরদাউসুর রহমান। এ সময় তাঁর সঙ্গে থাকা নারীই ভিডিওটি ধারণ করছিলেন বলে দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে। ভিডিওর একপর্যায়ে তাঁকে বিছানায় বসে থাকতে এবং পরে উঠে লুঙ্গি ঠিক করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভিডিওটির বিষয়ে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে কোনো নেতা শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় ও প্রেক্ষাপট এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি।

