নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর দপ্তরেও পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এক বাসচালককে মারধরের প্রতিবাদ করায় ওই বাসের এক যাত্রী ও গবেষককে মারধরের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ইকবাল হোসেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস আগে, গত বছরের নভেম্বরে তাঁকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়।
তবে দলে ফেরার পরও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। গত কয়েক মাসে ইকবাল হোসেনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারধর এবং হত্যার হুমকির অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। এর মধ্যেই এবার তাঁর সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ স্থগিত করল জেলা বিএনপি।

