নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের মাদানীনগর এলাকার আল-আমিন গার্মেন্টস এবং মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে অবস্থান নেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে মাদানীনগর এলাকায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ফেরদৌস, সদস্য শাহীনসহ আরও অনেকে।
এ সময় আকবর হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই তারা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তারা রাজপথে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির নেতৃত্বে অবস্থান নেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। শাহাদাত হোসেন রনি বলেন, সকাল থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান করছেন। সেখানে স্বৈরাচারী সরকারের দোসরদের কোনো তৎপরতা তাদের চোখে পড়েনি। তবে যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজ ছাত্রদলের সভাপতি রেজওয়ান মাহমুদ রাফি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহদপ্তর সম্পাদক রজব হাওলাদার ফাহিম, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি আসিফ, যুবদল নেতা ইমন এবং ছাত্রদলের নেতাকর্মী রনি, আরমান, রাশেদুল ও জাবেদসহ অনেকে।

