ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত হারুন অর রশিদ হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (১৮), একই এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২০) ও শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৩)।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বকুল মিয়ার পাথর কারখানার সামনে আসামিরা হারুন অর রশিদকে হত্যা করে ফেলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

