ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে জাতীয়তাবাদী যুবদলের চার নেতা আমন্ত্রণ পেয়েছেন।
আমন্ত্রিত নেতারা হলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এবং সদস্য সচিব মশিউর রহমান রনি। জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আমন্ত্রিতদের তালিকায় তাদের নাম উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ের যুবদল নেতাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ৯ মে শনিবার সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আমন্ত্রিত নেতৃবৃন্দকে যথাসময়ে কর্মসূচিস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

