নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর রেললাইন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ ৭ থেকে ৮ জনকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জসিম একটি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসদাইর রেললাইন এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
পুলিশের দাবি, অস্ত্রধারীদের গুলির মুখে আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি চালান। এ সময় পুলিশের পক্ষ থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়া হয়।
গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। একই সময় পুলিশের গুলিতে জসিমের উরুতে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে জসিম ও মোহনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত তিন পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

