নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অভিযোগ তুলে মো. ফারুক হোসেন (নামে এক যুবককে) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (৯ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে এশিয়া মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেন তারা।
সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তাঁকে একটি স্থানে আটকে রাখা হয়।
পরিবারের দাবি, চুরির অপবাদ দিয়ে ফারুককে সবার সামনে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ফারুককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

