ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিড ব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এসময় একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হয় এবং ১১ জন আহত হয়।

