শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করতে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির নেতারা। এ সময় তাঁরা পূজার আয়োজক, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলে। সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে নেতারা নগরীর মিশনপাড়া রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, পালপাড়া, অক্টো অফিস, টানবাজার এবং সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলস এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, কমিটির সদস্য ইকবাল হোসেন, আব্দুস সোবহান, জিয়াউল ইসলাম বাবু ও নির্মল সাহা এবং ছাত্র ইউনিয়ন নেতা আমির হামজা রুহিনসহ অন্যান্য নেতাকর্মী।
পূজামণ্ডপে দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সিপিবি নেতারা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে। বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং আনন্দ-উৎসব উদযাপনের মধ্য দিয়ে এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।
তাঁরা বলেন, দেশের সম্প্রীতির এই পরিবেশ অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা বৈষম্য যেন সমাজে জায়গা করে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
এ ছাড়া নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে এবং আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার দাবি জানান সিপিবি নেতৃবৃন্দ।
তাঁদের মতে, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার চর্চা বাড়ানোর মধ্য দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

