নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদ পানের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে মদ পানের অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর ডোপ টেস্টে শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, ডোপ টেস্টের মাধ্যমে তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আটকের ঘটনার পরপরই আলী আহমেদকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে দেওয়া বহিষ্কারাদেশের বিষয়টি সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সংগঠনের কোনো নেতা বা কর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাঁকেও ছাড় দেওয়া হবে না। আলী আহমেদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা তারই প্রতিফলন।

